Showing posts with label প্রেমের কবিতা. Show all posts
Showing posts with label প্রেমের কবিতা. Show all posts

Tuesday, 19 March 2024

অপেক্ষা



এভাবেই দিন যায়,

জানলার কাঁচ থেকে শুধু মেঘটুকুই ধরা বাকি;

কিছুটা বৃষ্টি, কিছুটা মেঘলা আর অনেকটা একলা। 

একলা কেন? নতুন তো না,

আজকাল মনে হয় সৃষ্টির আদিম সময় থেকেই 

একা থাকার দস্তুর আমার।

এখন আফসোস নেই, ভালো লাগে বরং। 


আমার জানলা দিয়ে অনেক খানি মাঠ দেখা যায়,

তার আগে পিছে ধূসর রাস্তা,

গাড়ি যায় পরপর; আমার দেখা হয় না আর; 

দেখা, শোনা, ভাবা- ব্যাপারগুলোই আর সমান্তরাল নেই। 


মেঘ করে কালো হয়ে এসেছে বেশ,

বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে জানো;

হাওয়াটা আজ সেটা নিয়েই ঘুরছে, হবে বুঝি এখনি। 

ঝুপঝুপে ভেজা জানলাটা বেয়ে যখন জল নামবে নীচে

আমি দেখব হয়ত; জানিনা ঠিক-

দেখলেও হয়ত সেরকম আর আগের মতো দেখব না;

না দেখার আফসোস নেই, ভালোই লাগে বটে।


সময় কেটে যায় মেঘের মতোই,

রোদ আসে, ঝড় আসে, বৃষ্টি ও, আবার ফিরে রোদ; 

তুমিও পালটে গেছ অনেক, অনেক খানিই হবে

একটা একটা বছরের হিসাব তো আর থাকে না;

যদি দেখা হয় কখনো

এক কাপ চা নিয়ে বসব হয়ত, মিলিয়ে নেব হিসাব নিকাশ;

তুমি দিয়েছিলে বেশি নাকি আমার কাছেই ধার…


বাকিটা না হয় অপেক্ষার… 


Monday, 30 October 2023

শেষ হিসাব



জানলা জুড়ে কেমন যেন বিষন্নতা,
আমি আর একটা বিশাল তুমি রয়েছ সেখানে;
পাশাপাশি বসেছি, হাত ধরেছি
ভেজা চুলের থেকে জল গড়াচ্ছে তখনো
জট পড়েছে বেশ; আমার আঙুল চলছে না আর। 
যেন মোহনায় এসে পাথরে পাথরে বিঁধছে
গতিময়তা।
থামতেও তো জানতে হয় বলো। 

Sunday, 22 January 2023

বর্ষাতি মন



একটা বর্ষাতি চাই জানো,
না না একটা না; গোটা দুই
বর্ষা আসার সময় তোমায় নিয়ে পাহাড়ে যাবো;
পাহাড়ে নাকি বর্ষা অন্য ধাঁচের-
মেঘের সাথে মেঘ এসে নাকি
ভালোবাসা জমায় টাইগার হিলে,
স্যাঁতস্যাঁতে বাষ্পগুলো শরীরটাকে সিক্ত করে;
বেশ শিহরণ নাকি বলে সকলে,
আসছে শীতে পাহাড় যাবে আমার সাথে?

প্রেমিক



এই ছেলেটার দিকে দেখো,
ও পারবে না প্রেমিক হতে, ভালোবাসতে কাউকে;
একটা বুনো জেদ কেমন যেন চোখ বুজেছে ওর,
এত জেদ নিয়ে ভালোবাসা যায়?
ভালোবাসাতে গেলে অনেক মানিয়ে নিতে হয়;
ঋতু বুঝতে হয়।
কোনো ঋতু ভাসায়, কোনোটা আবার শুকিয়ে মারে;
কোনোটা আবার আদ্রতায় ভেজায়;
ওত সত বোঝে না ও, শুধু চোখ পড়ে আর মন বোঝে;
এই ভাবে কি প্রেমিক হওয়া যায়?

Sunday, 18 September 2022

ঊষশী




ঊষার আকাশ, নিশীথ সূর্য 
বা মধ্যগগণের রুপোলি চাঁদের মতো দেখা দাও তুমি; 
অপার এক ঐশ্বর্যবেশ আসো তুমি বার বার; 
কুহকের মতো আমি ডুবে যাই তাতে,
একটা মাস্তুল ভাঙা জাহাজ খাবি খাচ্ছে
আমি সাঁতরে ফিরতে চাই পাড়ে বার বার
কিন্তু উপায় নেই; 
নির্লিপ্ত এক মায়াবী নেশা আমায় বার বার বিবশ করে,
আমি ভাসছি এক অনিশ্চয়তার মাঝে। 

এক লহমায় যখন পাড়ে এসে পড়ি
বুঝতে পারি এখনো অনেকটা একা আমি;
উত্তপ্ত মরুভূমি যেমন লালন করে চলে একটা মরীচিকা 
সেভাবেই তপ্ত হৃদয় থেকে পাকানো ধোঁয়ার জালে 
তুমি জড়িয়ে আসো বার বার; 
ছুঁতে চাই তোমায়, তুমি নেশার মতো 
কিন্তু তুমি তো আমার নও;
তুমি কেমন এক মায়াবী ইন্দ্রজাল
শুধু কাছে টেনে নাও ওই মায়াবী দন্ডের নেশায়। 

একটা হঠাৎ আঁতকে ওঠা হটকারিতায় 
আমার চোখ খুলে যায়, নেশার পর্দা সরিয়ে যে ঐশ্বর্য রূপ আমার স্বপ্নে রঙ ভরেছে
সেই রূপ নিয়ে কাছে আছো তুমি; 
অঝোর বৃষ্টি, অন্ধকারময় ঝোড়ো হাওয়া আর এক জমতে থাকা শীতের ভোর
এতটা সুন্দর যে হতে পারে ভাবিনি আগে;
তুমি আছো সেই মায়া নিয়ে, যার যাদু আমার স্বপ্নে ঘিরেছে আগে পিছে। 

ভাঙছে এই নিশ্চুপ ধরনীর নির্মোক
তোমার চকিত স্পর্শ যেন অতন্দ্র স্বপ্নলোক…





Wednesday, 24 August 2022

প্রেমের এপিটাফ




প্রিয়,
তোমার আমার দেখা হওয়ার তো দরকার ছিল না কিছু,
এতগুলো বছর, এতগুলো ক্ষন তো আমি একাই কাটিয়েছিলাম
তোমার উপস্থিতি ছাড়া;
ভাবনা আসত, কিন্তু উবে যেত কর্পূরের মতো,
আমার মনটা শান্ত করে দিতে নির্লিপ্ত এক সুবাসে; 
শান্তি পেতাম, আর মানিয়ে নিতাম এই বেশ ভালো আছির দেশে। 

Sunday, 10 July 2022

( ১ )



একটা চিরকুট লিখবো জানো,  তোমাকে ভালোবাসার কথা জানিয়ে  ভাসিয়ে দেব হাওয়ায় হাওয়ায়; তোমার কাছে যাবে কী যাবে না জানি না তবে পাঠাতে আমায় হবেই,  একটা করে দিন যাবে আর উড়ে বেড়াবে চিরকুটটা এ পান থেকে ও পানে;  মুখ থুবড়ে পড়বে না বোধহয় আমার ভালোবাসার ওজন এত নয়। 

Tuesday, 21 June 2022

হিসেব নিকেশ




অনেক কটা হিসেব নেওয়া বাকি রয়ে গেল;
একটা ক্লিপ, একটা ফুল ফুল গার্ডার,
একটা ছবি, গোটা চারেক রুমাল, 
আর কোন মুড়ে যাওয়া তিন চারটে চিঠি; 
দেখা করে হিসেব মেটাবো ভেবেছিলাম 
কিন্তু ইস্কাবনের পান থেকে চুন খসেছে ততক্ষণ;
লাস্ট ট্রেন সাইরেন মেরে স্টেশন ছেড়েছে
লাস্ট বাস ও ক্যানসেল হয়ে গেছে,
প্যাঁচ কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে যখন মুখ গুঁজে পড়েছি
তখন রাত হয়েছে অনেক, ঝপ করেই প্রায়;
যে কটা হিসেব নেওয়ার ছিল আর মেলেনি আমার। 

Tuesday, 28 April 2020

ভাঙণের সুর



বিনি,তুমি শুনেছ ওই ভাঙণের আওয়াজ?
নদীর ঢেউ গুলো যখন এসে আছড়ে পড়ে দুপাড়ে,
খুব একটা আওয়াজ হয় না,কিন্তু ভাঙতে থাকে;
ওরা দিনে ভাঙে, রাতে ভাঙে,
কেউ হিসাব রাখে না; আমিও রাখিনি;
শুধু একবার বলেছিলাম, 'ওপাড়ার জগাইখুড়ো
এবারে আর রক্ষে পেলে না, পাড় যে বড় ভাঙছে!'
তখন বুঝিনি, কিন্তু এখন শুনতে পাই;
ও ভাঙণের আওয়াজ আমার কানে বড় বাজে।
বিনি, তুমি কি সত্যিই কিছু শোননি?

Saturday, 16 March 2019

Propose…





I remember the fear in your eyes
And the day we fell in love.
My fingers brushed yours and locked itself
That lazy autumn evening, for the first time.
As we dreaded the craters in the soil,
You asked me, "are we ready enough?”
I never knew how to say, yes;
Yes, rather in agreement with all monstering uncertainties
In the shade of red the whistle blew,
I did not know then, I do not know now;
All I knew was to the read between the lines,
Seeking answers amidst all the chaos.
I drew you close as I held my breath
And sank my conscience deep into your heart;
The gusty wind set in trails for an awkward silence
And the candle was blown off...

Amidst all the darkness I knew I loved you...
And always will...





Sunday, 17 February 2019

অনভিপ্রায়



তোমার চোখে দেখবো না আর আমি
শ্রাবণ যেথায় আদরগুলো জমায়,
ভাঙণ আমার শুরু সেখান থেকেই
রোদচশমায় তোমায় দারুন মানায়।

Thursday, 14 February 2019

আসবি কাছে




যদি বলি তোর শরীর ছোঁব, আসবি কাছে?
মানে এতটাই কাছে
যেখান থেকে আলাদা করা যায় না আর;
অনুভূতিগুলো একের পিঠে এক চেপে
নানা ভাবে বাঁক নিয়ে চলে নিজের খেয়ালে;
ঠিক এতোটাই কাছে
যেখান থেকে নিঃশ্বাস প্রশ্বাস গুলো নিজেদের মধ্যে কোলাকুলি করে,
ভালোবাসায় আটকে পড়ে ভাবগুলো;
আসবি এতোটা কাছে?

Monday, 4 February 2019

রূপকথার জন্য…




রূপকথা দি, অনেক সাহস করে লিখছি,
তবে বিশ্বাস করো লেখার সাহস পেতাম না;
বেদ বলল লিখে দিতে, তাই.....
জানো বেদ খুব ভালো, ভালো গান গায়,
ভালো বাঁশীও বাজায়,
কিন্তু নেশা করে;
আমাকেও ডাকে, আমি যাই না,
যাই না কারণ জানি তুমি পছন্দ করো না।
এও জানি তুমি নয়নতারা ফুল পছন্দ করো,
যখন কলেজে আসো কাঁধে ব্যাগ নিয়ে,
তখন কানের পাশ থেকে উঁকি দেয় নয়নতারা।

ভালোবাসো...




যখন শেষ তোমায় ভালোবেসেছি
তখন মাঝবয়সি তুমি,
এলো চুল আর একটু খানি হাসি;
চশমার নিচে পটলচেরা চোখ
তখন তীব্র মনোহারি;
আমি পথ হারিয়েছি,

স্বপ্নের ফেরিওয়ালি-৩



ভুলেছে আমায় সে,
অনেক দিনের পরেও আসেনি সে ফিরে;
পথের মোড়ের জলছবিটাও আজ ফ্যাকাসে হয়ে গেছে,
গড়িয়েছে সময়,বাড়িয়েছে বয়েস,
মন শুধু আটকে সেই জানলাখানার পাশে;

স্বপ্নের ফেরিওয়ালি – ২




শেষ বার যখন এসেছিলি তার থেকে গড়িয়েছে অনেকদিন
বেশ অনেক দিনই হল বটে,
তবুও আসা হয়নি আর তোর,
শেষেরবারে চোখে মনে মাখিয়ে যাওয়া রঙগুলো
কেমন যেন ফিকে হয়ে দাঁত দেখায় আমায়,
রংরুটে যায় স্বপ্নের জাহাজ, চুরি ছিনতাই এর রেশে

স্বপ্নের ফেরিওয়ালি



এই রাতের চাদর আমার ছবি আকার ক্যানভাস
পুড়তে পুড়তে দিন আর কিছু রঙ চটা স্মৃতি
সাজিয়েই বানিয়েছি এই সাদা কালো ক্যানভাস।
রঙ নেই বটে,তবে রঙ লাগাতেই নোংরা ঘাটছি
মনের ওই জঙ্গালের মাঝে;

Sunday, 23 December 2018

বদলের পর

বদলে গেছে অনেক কিছু
গলি শহর,রাস্তাগুলো;
বদলে গেছে গানের খাতা,
স্বরলিপি আর নকশি কাঁথা;
বদলে গেছে স্কুলের পথে তোমার আমার সঙ্গে হাঁটা।

খবর নিলাম বছর পরে
কেমন আছো? শরীর কেমন?
চলটা ওঠা চশমার ফ্রেম
এখন ও কি পড়ার ঘরে?
ওষুধ গুলো এখনো কি খাও, বেনিয়মে, নিয়ম করে?

আমি আছি আগের মতোই
একটু বেভুল এবং বেহুঁশ,
ওষুধ গুলো? খাওয়াই হয়না বটে।
জানতে খুব ইচ্ছা হল খবর রাখো কিনা
বহুদিন ধরে আমি আর কবিতা লিখছি না।

Sunday, 9 December 2018

কখনো আসবে বলে

তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় না আর
বদলে গেছে পথ, অচেনা সব গলি;
 
কথার পরে কথা গুলো গুলোয় বারংবার;
 
হয়তো অচেনা পথই হারিয়ে দিচ্ছে আবার।

Wednesday, 24 January 2018

এখন কেমন আছো?



যে রাতে ছেড়ে এসেছিলাম পরস্পরের হাত
এক নিঃশ্বাসে দুজনেই ভেবেছিলাম বাঁচা গেছে,
গল্প লেখা থেমেছে সেদিন থেকে
অনুভূতিগুলো ইতিহাস হয়ে আছে।

শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...