Showing posts with label প্রেমের গল্প. Show all posts
Showing posts with label প্রেমের গল্প. Show all posts

Wednesday, 1 April 2020

গড়িয়াহাট আর ঈশিতা





                গড়িয়াহাটের মোড় মাথাটার এখন খুব শোচনীয় অবস্থা। বাইরের তাপমাত্রা এখন নয় নয় করে ৩০ তো আছেই, তার সাথে আছে ছিচ কাঁদুনে মার্কা বৃষ্টি। মানে সময় নেই অসময় নেই ঝাঁপি খুলে বসলেই হলো। বেশিক্ষন না, ওই মিনিট দশেক হুড় হুড় করে বৃষ্টি হবে, গরমটা আরো বাড়িয়ে দেবে আর সাথে কাদা প্যাচ প্যাচ। মানে এক কথায় প্রকাশ করতে দিলে বিরক্তিকর বললে ফুল মার্ক্স। একে গরম তার সাথে দুপুরের মধ্যে ওই গড়িয়াহাট মোড়ের মাথায় এসে জুটলে আর রক্ষে নেই। যদি কোনও কারনে মনে হয় আপনি মধ্যে প্রাচ্যে বেড়াতে এসেছেন তাহলে একদমই ভুল বলা যাবে না আপনাকে। বাইরের থেকে এই অঞ্চলটা, মানে ওই ধরুন বিজন সেতুর মুখ থেকে এদিকে বাসন্তি দেবী কলেজ, কি আরো একটু টেনেই দিলাম, ট্রাই-অ্যাঙ্গুলার পার্ক অবধি তাপমাত্রা বাইরের থেকে অন্ততপক্ষে ৩-৪ ডিগ্রী বেশি। যেমন ভিড় তেমন গরম। মানে বাস থেকে যদি  ট্রাই-অ্যাঙ্গুলার পার্কে নেমে পড়েন তাহলে বেশি কসরত করতে হবে না। মানুষজন আপনাকে ঠেলে ঠেলেই পৌঁছে দেবে গড়িয়াহাটার মোড়ে। রঙবেরঙের প্লাস্টিকের আড়ালে রকমারী, মনোহারি জিনিসের পসরা সাজিয়ে নানা সুরে ডাকছে গড়িয়াহাট। ফুটপাথ থেকে দোকান সবেতেই কেমন যেন অভিনবত্বের ছাপ। দু দন্ড যে একটু উপভোগ করবে লোকজন তারও উপায় নেই। কনুইয়ের গুঁতোয় তখন আপনি সরে গেছেন পাশের দোকানের কাছে।মানে এক কথায় যা তা।


Tuesday, 5 February 2019

বইমেলা আর ঈশিতা




       লালমুখোদের তাবেদারি করে আর কতো দিন যে ভারতবর্ষ খাবে কে জানে। এই বদলে ওই করে দাও, “ডেডলাইন মিস করলে কেন?”, “আর কতো সময় চাই”, “অ্যাম আই অডিবেল?”, “ক্যান ইউ সি মাই স্ক্রিন?” আরো হাজারো প্রশ্নের জ্বালায় জীবনটা পুরো মিয়ানো মুড়ি হয়ে গেলো। ইচ্ছা করে মাঝে মাঝে, সোজা গিয়ে মুখে নুড়ো জ্বেলে দি, কিন্তু কি আর করবো, মাসের শেষে মনটা ভরে যায়। একটা দিনের জন্যে হলেও। যদিও পিছন পিছন এই ই.এম.আই, ক্রেডিট কার্ড সব লাইন দিয়ে দিয়েছে। তবুও ওই আর কি। আমি একজন হতভাগ্য আইটি কর্মচারী। কাজের জন্যে সময় দিতে দিতেই প্রাতঃক্রিয়ার ফুরসত আর পাচ্ছি না বেশ কয়েক মাস ধরে, আর ঈশিতা তো কোন দুরস্ত। যা হাল তাতে, পারলে পটিটেও ল্যাপটপ ধরায়।


Friday, 26 January 2018

বইমেলার প্রেম





উঠতি বয়সের নেশাই হলো হুজুকে মাতা। সে সরস্বতী পুজোর ভাসান হোক কি কিম্ভুত কিমাকার গানের ভাইরাল হয়ে ওঠা, হুজুগেই চলছে দুনিয়া। বইমেলা যাওয়া এরমই এক হুজুগ। কোনো বাঙালি আড্ডায় একবার মুখ ফস্কে বলে ফেলুন আমি বইমেলা যেতে পছন্দ করি না, পরের বার সেই আড্ডায় আর ডাকবেই না আপনাকে এটা আমি হলফ করে বলতে পারি। আর শুধু বইমেলা যাওয়াই না, ব্যাগ বোঝাই করে বই না কিনে আনলে সেই বইমেলার কোনো মাহাত্ম্যই নেই। সে বই পড়ুন না পড়ুন, ব্যাগ যেন ভরা থাকে। বাঙালি হিসাবে একটু গর্বই বোধ হয় ওই ব্যাগটা দেখলে, মুখে চোখে কেতা কেতা ভাব, “দেখ কতো বই কিনেছি…!!!” এই চক্করে রাঁধুনি রাখা বাড়ির কর্ত্রীর হাতেও “বেনুদির স্পেশাল ৫০ রেসিপি” ঘুরতে দেখেছি। হুজুগটাই হলো আসল কথা।

Tuesday, 11 July 2017

বাইশ বছর...

ইশ…!! এই ভাবে হাতটা কাটলো কি করে?
কতোবার বলেছি একা একা থাকো। একটা রান্নার মাসি রেখে দিতেই তো পারো। কত আর খরচা হবে। না রাখলেও একটু সাবধানে তো কাটাকাটি করবে। ছুরির কাটা, সহজে যাওয়ার নাকি; বোরোলিন মাখিয়ে দেওয়ার হাতটাও এখন নেই। নিজেও তো কিছু লাগিয়ে নিতে পারতে নাকি। না থাক, বাদ দাও, এই দাগটা থাকুক হাতে। আলাদা করতে পারবো এক গাদা হাতের মধ্যে।

তোমার পুরোনো ফ্ল্যাটটায় ওই দক্ষিন খোলা বারান্দাটায় একটা গাছ ছিলো।
কতো যে অযত্নে বড় হয়েছে তার কোনও হিসাবই নেই। শুধু বর্ষার জল পেয়ে পেয়ে ওরম বেড়েছিলো। বারান্দায় তো জল আসে না, নয়? বাথরুমে তো অতো জল পড়ে যায় সারারাত ধরে, একটু ধরে রেখে তো আদর করার মতো করে দিতে পারতে গাছটায়, আমার দিকে ওরম হাঁ করে চেয়ে না থেকে । তাহলে বেঁচে যেত বেচারা। না থাক, বাদ দাও, ওটা মরেই যাক; ফালতু স্মৃতির বোঝা বয়ে বেড়িয়ে লাভটাই বা কি…!!

একটা বিড়াল পুষেছিলে না তুমি? কেমন ন্যাওটা হয়ে ঘুরতো এঘর ওঘর।
যেদিন মরলো সেদিন তো কাকে দিয়ে একটা ফেলিয়েছিলে, নিজে ফেলতে অবধি যাওনি। সেদিন রাতেও তুমি কেমন নিষ্পাপের মতো ঘুমিয়েছিলে। কোনও দুঃখ ছিলো না তোমার মনে। নিজের মধ্যেও তো একটু যুদ্ধ করতে পারতে। ওহ, তুমি তো আবার গান্ধীজীর পিছনেই ছুটে ছুটে হাঁফিয়ে গেছো। তুমি যে যুদ্ধবাদী নও সেটা ভুলেই গেছিলাম।

পাঞ্জাবী বা শার্টের প্রথম বোতামটা আটকানোর স্বভাবটা এখনো বদলাতে পারলে না।
কক্ষনো বুক দেখেনি কেউ। শুধু আমি জানি ওই আবেগের নীল রাতগুলোয় তোমার ওই বুকের পশম কি করে এতোটা অনুভুতিহীন হতে পারে। ওর ওপর আমার অধিকারটা আমি কোনও ভাবে ছেড়ে দেবো না। অনেক কবিতা লিখেছিলাম তোমার জন্যে, একটাও পড়োনি কোনোদিন। পাড়লে পারতে...
না থাক, ভালোই করেছো।  এই বেশ ভালো আছি।

তোমায় একটা চিঠি লিখবো...এটা ভাবতে ভাবতেই প্রায় বাইশটা বছর কেটে গেলো... J 

Tuesday, 9 May 2017

ম্যারিটাল রেপ



প্রথমবার শরীর স্পর্শ করার সময় একরাশ জড়তা তোমায় অবশ করেছিল প্রায়। ইতস্তত করেছিলে হাত বাড়াতে ওই নেশার খিদে মেটাতে। সেবার তুমি পারোনি আমায় ভোলাতে, আক্ষেপ ছিল বেশ অনেকখানি আদিম সত্যের হাতছানিতে। পরের বার অবশ্য খামতি রাখোনি। জড়তা কাটিয়ে ক্ষুধার্ত হায়নায় মতো, ঝাঁপিয়ে পড়েছো ওই ইঞ্চি মেপে চর্বি জমানো নাভির আশেপাশে, খানিকটা হাঘরের মতোই বলা চলে। খুব কানে লাগলো, তাই না? হ্যাঁ, হা-ঘরেই। নেশার মতো বার বার কাছে আসতে চাইতে তুমি অমৃতস্বাদের খোঁজে। কাছে আসা যাওয়ার মিথ্যে অভ্যাসে ভুলে আমি প্রেমে পড়েছি তোমার বোকার মতো।

প্রথম প্রথম আঙ্গুলের ফাঁকে জমে থাকা ঘাম চেটে খাওয়া পোশাকি ভালোবাসায় আমি ভুলেছি, একবার না বারবার, নির্বোধের মতো। অপরিণত ভালোলাগা গুলো বুঝতে দেয়নি একদিন ওই হাতের ঘাম মুছতে রুমালও ভিজে যাবে, কিন্তু অন্য কোনও হাত আর এগিয়ে আসবে না। ক্রমেই হারিয়ে গেছি আমি ভালোবাসা থেকে। এখন আর হাত ধরে বসে রোজকারের ওই প্যানপ্যানানি কথা শুনতে ইচ্ছা হয়না। বারে বারে নোংরা ছুকছুকানি মাথাচাড়া দিয়ে ওঠে। লোভীর মতো ওঁত পেতে বসে থাকো ওই অনুভুতির জন্যে। এখন আর অনুভুতি আসেনা, অভ্যাস হয়ে গেছে কেমন। তোমারও আজ কাল আর খিদে মেটে না। তৃষ্ণা মেটাতে এখন পুরোটা লাগে। মনের সব তৃষ্ণা এখন শরীরে চলে এসেছে।

নেশার ঘোরটা বেশিদিন টেকেনি; ভালোলাগা চাওয়া পাওয়া এগুলো আসতে আসতে অভ্যাসে পরিনত হলো। আমি হারিয়ে গেলাম ফোনের টপ কনট্যাক্টস থেকে ইনবক্সের ভেতরে, কষ্ট করে হাতড়াতে হয়। শরীর ছুঁতে এই আকুলিটা বিরক্তিকে ডেকে আনতো, কিছুটা অধিকারের জন্ম দিয়েছিলো কুঁচকির আসে পাসে। কাজ শেষ, আবার যে কে সেই। পাশে বসে থাকা মানুষটার থেকে স্কাইপির মুখগুলো বেশি কাছের মনে হতো। কিন্তু বাঁধা একজায়গায়, আমি তোমায় বেসেছি ভালো। এই ভালবাসা থেকেই নির্লজ্জের মতো একরাশ উচ্ছ্বাস নিয়ে কথা গুলো দিনের পর দিন ভাঙ্গা টেপের মতো কানের কাছে বলে যেতাম আমি। তুমি শুনতে, কিন্তু উত্তর দিতে না। অভিব্যক্তিই জানিয়ে দিতো বাকিটা। যে ভালোলাগা কে প্রশ্রয় দিয়ে শুরু করেছিলে কাছে আসা, যে আঘাতে করেছিলে ঘায়েল, সেই আঘাত দিয়েই আবার আমায় একলা করলে। আঘাত দিয়েই মনের জোড়া,  আঘাতেই ভাঙ্গন; কোনটাতেই আওয়াজ হয়নি, শুধু একটু রক্ত ঝরেছিলো।

তখন তুমি বদলে ফেলেছো ফোনের নাম্বারটা। এক ছাদের তলায় বহুদিন দেখা হয় নি আর;  ফেসবুকেও ব্রাত্য আমি, পাছে তুমি নাগালে আসো। অফিস যাওয়ার রাস্তাটাও গুগুল ম্যাপে খুঁজে পাওয়া যায় না, পাছে আমি পথ আটকাই তোমার। কিন্তু আমি ছুটবো কার জন্যে? সেই যে এক অভ্যাস ছেড়ে, অন্য অভ্যাসের খোঁজে? তোমার আমার জীবনের ওই চ্যাপ্টারের পাতা গুলো তো তুমি নিজে হাতে আঠা লাগিয়ে বন্দী করে রেখে গেছো; পাছে কেউ না খুলে দেখে। কিন্তু যে অন্ধকার ছেড়ে গেছো, তার দায় কে নেবে?

ধন্যবাদ তবে পাওনা আছে তোমার। ওভাবে একলা ফেলে না গেলে আমি জানতামই না যে অন্ধকারে কেউ আমার জন্যে চাঁদ হয়ে বসে আছে। আমি তার অভ্যাস নই, আমি তার উপস্থিতি, আমি তার পূর্নতা। টিসু পেপারগুলো এখন ডাম্প হয়ে পড়ে আছে, কেজিদরে বেচে দেওয়ার জোগাড়। ভালোলাগা গুলো এখন আমার কাছে নতুন করে হাজিরা দিয়ে যায়। তোমার কথা আজকাল মনেই পড়ে না। নেশার মতো লক লক করে নাভির আসে পাশে যে চর্বি গুলো চেটে বেড়াতে সেগুলোকেও বিদায় দিয়েছি আমি। নিয়ম করে জিমে যাই, ঠিক যতটা নিয়ম করে রোজ সকালে স্নানের পর সিঁথিটা  রাঙ্গিয়ে তুলতাম।

আমি জানি না তুমি কেমন আছো? নির্ঘাত এদিক অদিক ছুকছুক করে বেড়াচ্ছো নতুন খাবারের নেশায়। লেনা দেনার পর যখন আবার নিজের ঘরে ফেরো, ওই বিছিয়ে থাকা জামা কাপড় গুলোকে একটু সরিয়ে নিয়ে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দাও বিছানায়; আমি জানি তখন তুমি আমায় খোঁজো। হুইপ জারি করার মানুষটাই যে আর নেই। তবে আমার খোঁজ তুমি রাখো, নাহলে সেদিন রাতে ভুল করে কেউ ফেসবুকে ছবি লাইক করে নাকি…!! আরো অনেক ছবিই দেখেছো, তবে একটায় ভুল করে লাইক পড়ে গেছে; সেটা আমি বুঝি। আমি অন্য কারো সাথে ভালো আছি এটা দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠবে, যদিও খুশি হওয়ার কথা ছিলো। সেই আঠা লাগিয়ে আসা পৃষ্ঠাগুলো এখন কেবল ইতিহাস, টানাটানি করলে ছিঁড়ে আসবে হাতে, পাতা উলটোবে না।

কে যেনো বলেছিলো, “ মানুষ পেয়ে হারানো বা না পাওয়ার আঘাত সইতে পারে, কিন্তু তার অন্যের হয়ে যাওয়াটা কখনই মেনে নিতে পারে না, কোনও ভাবেই না। ”

না মানুষ বদলায়, না অভ্যেস;  বদলায় শুধু ভালোলাগা আর অভিব্যক্তির ভাষাটুকু। পরিনতি তো নিমিত্ত মাত্র।



                        ************************************************

Sunday, 19 February 2017

ইলিতি বিলিতি ভ্যালেন্টাইন




এই বাংলার বুকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই মাতামাতি সবই হাল আমলের ব্যাপার। কয়েক বছর ধরেই এসব শুরু হয়েছে, কিছুদিন আগেও এসবের কোনো ইয়ত্তা ছিল না। হাল আমল বলতে ওই ধরুন দশ-বিশ বছর হবে। তার আগে অব্ধি বারান্দাতেই থেমে যেত অদম্য সব প্রেম গুলো। বারান্দা আর উলটো দিকের বাড়ির বাঁধানো রক, আহা কতোই না স্বপ্নের জাল বুনেছে তার কোনো হিসাবই নেই। হঠাত আপনার মনে হতেই পারে শাহজাহান-মুমতাজ, সংযুক্তা- পৃথ্বীরাজ, রোমিও- জুলিয়েট এরা তো সব লেজেন্ডারি ক্যারেক্টার এই প্রেমের ফিল্ডে, তাহলে আমি কেনো বলছি ভ্যালেন্টাইন্স ডে এরম নতুন কনসেপ্ট। দেখুন, এই ভ্যালেন্টাইন্স ডে আসলে সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদিন হিসাবে পালন করা হয়। প্রেমের বানি, প্রেমের অস্তিত্ব প্রতিষ্ঠা কররে করতে তিনি মারা যান। আজ কাল কার ছেলে মেয়েরা ভীষণ সেয়ানা, কেউ যে কারো না সেটা তাদের থেকে ভালো কেউ বোঝে না। তাই কারো জন্যে জীবন দেওয়াটা একটা ওয়েস্টেজ, সেটা আলাদা করে আর বোঝাতে হয় না। তাই ওই একটা দিন একটু অভিনয় করে নিতে পারলেই এখন নিশ্চিন্ত কটা মাসের জন্যে। গোটা দুনিয়াই এই থিওরিতে চলছে, আমরাও চলছি।

        তো একটু আগে যেটা বলছিলাম। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে। কয়েক বছর আগেও এই দিনে চারদিকে ঢি ঢি পরে যেতো। আর সাথে এই হারামজাদা আর্চিস। পেল্লাই দোকান গুলো এমন ভাবে সাজাবে যেন ওসব লালরঙ্গা কার্ড গুলোর সাথে সাথে বালিশ,টেডি, আর যা যা হয় সব দিয়ে দেবে কম পয়সায়,সাথে ভালোবাসাটা ফ্রি। যত্তসব। মানে ভাবুন আমাদের মত হাফ-প্যান্ট পরা মধ্যবিত্ত ঘরের স্কুলে যাওয়া ছেলেদের কথা গুলো, যাদের কাছে টিফিন বলতে স্কুলের গেটের ঘুলঘুলি দিয়ে হাত বের করে দু টাকার আলু-কাবলি কি কারেন্ট নুন দেওয়া কালো কুলের আচার; অথচ পিছন পেকে একেবারে মনে বসন্ত ঘনিয়ে এসেছে( কি ভাগ্যিস পক্সটা হয়নি) তাদের অবস্থাটা।লাল ঝোল ফেলে তো আর্চিসের দোকানের নোংরা দেওয়ালটা পরিস্কার করে দেবার উপক্রম। কিন্তু কি আর করা যাবে, উঠতি ট্রেন্ড আর সাথে অফুরন্ত পুড়কি; তাই এসব ব্যাপার তো খানিক অবশ্যম্ভাবী হয়ে উঠেছিলো বা উঠেছে এই হাল আমলে। বিদেশি আদব কায়দা কপি করার মধ্যে কেমন যেন একটা পরমাত্মিক সুখ আছে, সেটা এখন বুঝতে পারি। আগে তো দেশের মাটি,দেশের মাটি করে অনেক জ্ঞান ঝেড়েছি, এখন দেখি ডুগডুগি নিয়ে বাউল গানের থেকে ঝুঁটি বাঁধা বেসুরো গিটারের কদরই বেশি। তাই সই, বিদিশি ব্যাপার বলে কতা… J

         তা এই ভ্যালেন্টাইন্স ডে বললেই একটা দারুন ঘটনা মনে পড়ে। তখন ওই ক্লাস নাইন কি টেন, মানে মনে সবে রঙ লাগা শুরু হয়েছে আর কি। বাড়ির লোকের কড়া নজর, ছেলেটা এই বুঝি পিছলে গেলো। মানে পারলে কোচিং-এর বাইরেও দাঁড়িয়ে থাকে। কোচিং থেকে ছেলে বেরোবে আর বগল দাবা করে নিয়ে ছুট।প্রসঙ্গত বলে রাখা দরকার ছোট থেকেই বয়েজ স্কুলে পড়েছি, তাই মেয়েদের প্রতি আকর্ষনটা একটু বেশিই। তবে নারীসঙ্গ যে একেবারেই পাই নি এমন ভাবাটা ভীষণ ভুল ব্যাপার। আসলে আমরা এমন সময়ে বড় হয়েছি যখন কোচিং-এ মেয়ে আর ছেলে একসাথে পড়াটা বেশ কিছুটা সহজাত হয়েছে। যদিও কোচিং-এর বাইরে আমাদের সার সার দাঁড়ানো ‘হিরো-ক্যাপ্টেনের’ পাশে পেল্লাই পেল্লাই সব সুযুকি সামুরাই,বাজাজ ডিস্কভার এসব থাকতো(পড়ুন মেয়ের বাবাদের), তবুও কোচিং-এর ভেতরে তো কেউ আর নাক গলাতো না,তাই বেশ খানিক সুবিধাই হতো। কোচিং শেষ হওয়ার পরেই তো সব চলতি কা নাম গাড়ি, তাই ওই টুকু সময়েই কাজ গুছানোর পালা। খুব অবাক লাগতো একটা জায়গায়, যে মেয়েটাকে সব থেকে ভালো দেখতে,ঠিক তারই পিছনে অন্ততপক্ষে গোটা ছয় সাত এবং কাকতালীয় ভাবে সেই মেয়েটির বাবা বা কোনো এক দাদার রয়্যাল এনফিল্ড বাইক আছে। ব্যাস যেমনি বুঝলো গলতি,দাদা বাজালো ঘন্টি। ব্যাস ওই গাড়ির আওয়াজ শুনেই আমরা ফিউস। লিস্ট ছোট হয় গেলো একটু।

        এই টিভি, রেডিও আর সোনার দোকানগুলোর জ্বালায় আমাদের সেই সময় টেকা একপ্রকার দুর্বিষহ হয়ে পড়েছিলো। মানে কোথায় ভাবতাম মা বাবা মনে রাখবে না দিনটা, আমরা নিজের মত কাজ সেরে বেরিয়ে যাবো। কিন্তু না, আপনার পথে বাধা ওই অঞ্জলী জুয়েলার্স, সেনকো, পিসি চন্দ্র আরো কত কি। এই ডিস্কাউন্ট, ওই ডিস্কাউন্ট মানে যতক্ষন না মাথার ঝিকুর নড়ে যাবে ততক্ষন বাজতে থাকবে। আমার মনে পড়ে ওই দিন কলেজ যাওয়ার জন্যে নতুন জামা বার করতে বললে মা কেমন একটা বাঁকা চাউনি দিত, তারপর ঠিক আলমারি খুঁজে সব থেকে জঘন্য জামাটা বের করে আনত। কিছু বলতে গেলেই সেই পেটেন্ট ডায়লগ, “দিন দিন তো দেখছি ভাবন খুব বাড়ছে। এতো সেজে গুজে কলেজ যাওয়ার কি আছে? আর যদি জেতেই হয় তাহলে নিজে খুঁজে নে আলমারি থেকে...” এই ঠিক এই কথাগুলোই শুনে এসেছি বছরের পর বছর। মা খুব ভালো করেই জানে আলমারি খুঁজে বের করাটা ঠিক কতটা চাপের কাজ,তাও আবার কলেজ যাওয়ার তাড়ায়। তার পর যদি বের করেও পরেও নি সারাদিন বাড়িতে কিন্তু একটা চাপা উত্তেজনা চলতে থাকবে এই নিয়ে যে আমি আজ বুঝি কলেজে বিয়েটা সেরেই নিলাম। ওসব দিব্যি টিব্যি আমি মানি না, তবুও সব কিছুর দিব্যি দিয়ে আমি বলছি নিজের লুকের ওপর এতোটা কনফিডেন্স নেই যত মায়ের আছে। মানে আমি আজ অব্ধি বুঝে পেলাম না মা কি করে ভেবে নেয় এই রকম একটা লুক নিয়ে মেয়েরা আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। যাই হোক, মায়েদের তো বুঝিয়ে পারা যাবে না। তবে দেখতাম ওই দিনটাতে মেয়েগুলো বেশ সেজেগুজে আসে। ওদের মায়েরা কিছু বলেও না, বেশ খুশিখুশি চলে আসে। কি আর করবো পোড়া কপাল।

         ওই ২০০৬-০৭ সাল করে, তখন আমরা কলেজে সেকেন্ড ইয়ার। হাতে তখন সবে সবে ফোন এসেছে,বেশ অনেক যুদ্ধ করেই। প্রায় চার হাজার টাকা দিয়ে একটা সিক্যুরিটি ডিভাইস নিয়ে বাবা আমার কাছে এলো, বললো “এই অব্ধি আমার কাজ শেষ, এবার বাকি কিকরে চালাবি তুই বুঝে নিবি। আমি আর কোনো দ্বায়িত্ব নিতে পারবো না।” বলেই আমার হাতে নোকিয়া ১১০০ ধরিয়ে দিলেন। আনন্দে তো আমার ঘুমই হলো না। সাদা কালো ফোনও যে কাউকে এতো আনন্দ দিতে পারে সেটা সত্যিই অবাক করে দেবে এখনকার ছেলেদের। তা তার সাথে সাথে হাচের একটা কানেকশান। নাম্বার চালাচালি হয়ে গেছে যথারীতি। এবার অপেক্ষা শুধু মেসেজ কার্ড ভরার। ওই ৩০ টাকার জন্যে কতো দিন যে উপোস করতে হয়েছে সে আর বলার নয়। যাই হোক এভাবেই শুরু। তো আমাদের স্কুলের বন্ধুদের একটা বিশাল গ্রুপ আছে।  তো সেই গ্রুপেই প্রথম বউনি করলো সুগত। বন্ধুর গার্লফ্রেন্ড, আরি শালা কি এক্সাইটমেন্ট আমাদের, যেনো নিজেদেরই জুটেছে এক একজন করে। সুগত দেখতে শুনতে তো নো ডাউট ভালো, যদি আপনারা কোনো উপমা আশা করে থাকেন তাহলে সেটা পুরন করতে পারলাম না। ধরেই নিন না, খুব ভালো দেখতে; তা নাহলে রামকৃষ্ণ মিশন মার্কা বন্ধু সার্কেল থেকে কেউ এরম অমর-প্রেমি হতে পারে?? সবই ঠিক কিন্তু আসল প্রবলেম হলো একটা। সু...সু...সুগ...গত একটু তো...তো...তোতলা। মানে ওই একটুই আর কি,এই একটু। তবুও সে তখন আমাদের আইডল। প্রথম ভ্যালেন্টাইন্স ডে, সে কি উত্তেজনা...আমাদের অনেকটাই বেশি ওর থেকে। তো আমাদের একটা বাড়তি দ্বায়িত্ব এসে পড়েছে। সুগতর বৈতরণী পার করাতেই হবে। আমরা চাঁদা তুলে...হ্যাঁ চাঁদা তুলে আর্চিসে গেলাম। একটা ভালো দেখে কার্ড কিনে, তার ওপর আরও মশলা মাখিয়ে যথারীতি পাচার করার ধান্দায়,সাথে একটা মিথ্যে কথা ভরা লাভ লেটার।  ভাবনা ও রুপায়ন সৌজন্যে অবশ্যই আমি। মানে কোনো কারনে যদি কোনো কেস খাই তাহলে প্রথমেই কোপ পড়বে আমার ওপর।

        যথারীতি সময় মতো দেখা করতে যাওয়া। লোকেশান হিসাবে পড়েই আছে বাঙ্গালির সাধের ভিক্টোরিয়া। এই সব উঠতি প্রেমিক প্রেমিকাদের অনন্ত ঢপের ছাপে ভিক্টোরিয়ার সাদা দেওয়াল কালো হয়ে গেলো বলে। সে যাই হোক, সুগত গেছে। ইম্প্রেশান জমাতে একটা গোলাপ, আর বেপাড়ার একটা চকলেটের দোকান থেকে বন্ধুর নামে ধার করে কেনা ২০ টাকার ডেয়ারি মিল্ক। গোলাপ কিনতে গিয়ে তো আর এক কেচ্ছা। ওই বিড়লা প্ল্যানেটারিয়াম থেকে সেন্ট পলস এর দিকে আসতে ওই জায়গায় বেশ কয়েক বাচ্ছা এই দিনে অনেক গোলাপের পশরা সাজিয়ে বসে। তো সেখান থেকেই হৃষ্টপুষ্ট একটা গোলাপ তুলতে গিয়েই প্রথমে হোঁচট সুগতর।

- এই গো...গো...গো...লাপ...লাপটার দা...দাম কতো রে??
- ৫০
- কি...কি ব...ব...বলছিস??
- বললাম তো, ৫০ টাকা। এর থেকে কম হবে না।
- সে কি রে...
- নেওয়ার হলে নাও, নাহলে সামনে যাও।

(সঙ্গে সঙ্গে ফোন)
- ভা...ভাই... বলছি...বলছি এখানে গো...গো...গোলাপের দাম বল...বল...বলছে ৫০ টা...টাকা। কি...কি করবো বল তো?
- যা পাচ্ছিস কিনে নে। এতো ভাবলে চলে না।

সে যথারীতি কিনে নিয়েছে ভাল মানুষের মত। কিনে নিয়ে সোজা ভিক্টোরিয়া। ওদিক থেকে আস্তে আস্তে হেঁটে আসছে রিম্পা।একটা হাসি বিনিময়, তার পরে ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ। বাকিটা না হয় থাক। বাকিটা ব্যক্তিগত। তো এই ছিল প্রথম ভ্যালেন্টাইন্সডের সেলিব্রেশান। মানে সুগতর সেলিব্রেশান, কিন্তু আমরা এতোতাই নিবেদিত প্রেন যে আমরা কিছু কিছু ভাগ করে নিয়েছিলাম। ডুয়েল মিনিঙ্গের কথা ভেবে অনেক বাঁকা হাসি দেখা গেলেও ব্যাপারটা একদমওই সেরম না। আমি অত্যন্ত সাদা মনে(কাদাটাকে লুকিয়ে) কথাটা বলেছি।


        এর প্রায় বেশ অনেকটা দিন পরে খবর এলো যে সুগতর নাকি ব্রেক-আপ হয় গেছে। এই একটা জায়গায় আমার ভয়ানক আপত্তি আছে। যদি না ভালোবাসারই থাকে তাহলে ওই ১৪ তারিখ পালন করার মানেটা কি? যে প্রান বাঁচবেই না তার জন্যে জন্মদিনের কেক কাটার মানেটা কি? এর থেকে ওসব বিলিতি কায়দা ছেড়ে, ওই একটা দিন কে আলাদা করে ভালো না বেসে প্রতিদিন ভালোবাসলেই তো আর আর বেঘোরে মরতে হয় না এই রিলেশানগুলোকে।  একটা দিন না, প্রতিদিন যদি ভ্যালেন্টাইন্স ডে হয় তাহলে ক্ষতি কি??

বিঃ দ্রঃ-  উপোরক্ত (শেষ প্যারায়) কথাগুলো গোবেচারা,নিরীহ, নিপাট ভালোমানুষ একটা “সিঙ্গেল” ছেলের একান্ত ব্যক্তিগত মতামত। তাই এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে সেটা একদমই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়।

এর পর আর কেউ বিশ্বাস করবে আমার কথা গুলো... 

আমি সিঙ্গেল তাই এতো বানী দিয়ে চলছি আপনাদের। আমার ফাটা কপাল জোড়া লাগলে আমিও হয়তো তাই করবো। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবন। তখন না হয় আর এক চোট আড্ডা দেওয়া যাবে। ততক্ষনের জন্য ভালো থাকুন, ভালো রাখুন আর ভালো বাসুন।





***************************  সমাপ্ত  ***************************

শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...