Showing posts with label উত্তাপ. Show all posts
Showing posts with label উত্তাপ. Show all posts

Thursday, 21 September 2017

চিরকুট

এমন কি আর পারেনা হতে,তুমি আমি একই সাথে
সঙ্গী হয়েছি হঠাত কোনও মধ্যরাতের অকস্মাতে;
আটকে গেছি কামরা জুড়ে, অনেকখানি ইতস্তত
বাইরে দিয়ে আকাশটুকু জমিয়ে বসে আসর সেজে।

সরছে না তো মুখের কথা, দেখবো শুধু মুখের পানে,
শান্ত হাওয়া ঘুরবে শুধু আমার থেকে তোমার কানে
সাহস করে শুধবো খালি, আছো কেমন? কুশল তো সব?
কি নামেতে নাম্বারটা সেভ রয়েছে তোমার ফোনে?

তুমি হয়তো থাকবে চেয়ে জানলা দিয়ে অনেক দূরে
এড়িয়ে যাবে প্রশ্নগুলো না শোনার এক ভঙ্গি করে,
বার কয়েক শুধাবো আমি,ভুলে গিয়ে সব হিসাব নিকাশ
শেষমেশ তুমি পড়বে ধরা,কথার রেশের বুনন ডোরে।

থাকবে না আর বাধা কোনো, কথার পরে কথা ভাসে,
কামরা ভরা কলতানে স্মৃতিরা সব ভিড়বে এসে;
শুধোবো আমি, “এখনো কি নামতাগুলো আওড়াও ঠিক নিয়ম করে?”
“পৌনে তিনের নামতাটাকি আজও রাখো ঠোঁটের পাশে?”  

হঠাত করে জিগাবো আমি,এতো কথার ফোকর গলে,
“বিনি সুতোয় মাঞ্জা দিতে আসবে নাকি আমার ছাদে?”
কথা গুলো তুমি সরিয়ে নেবে, ফেলে আসা অস্তরাগে
থমকে যাবে সকল কথা, হারিয়ে গিয়ে প্রেমের ভয়ে।

সফর শেষের ইস্টিশানে মিলবো হয়তো একটিবারে,
আকাশ তখন মুখ ফিরিয়ে ভরবে আবার কালো মেঘে;
যাওয়ার আগে একটা কথা বলব খানিক অতর্কিতে
“এভাবে কি কাঁদো আজো একলা রাতের অন্ধকারে?”

একলা হবে কামরাখানা, আমার কাছে পড়বে ফাঁকি
ইস্তাহারে জমাই আদর, জানলা চেনায় ছোঁওয়ার ঝুঁকি।।

Saturday, 2 September 2017

পালিয়ে যাওয়ার মাশুল

হঠাত করেই পালিয়ে যাবো দেখিস,
অভিমানী কোনও ভোরের আলো ধরে;
অন্য কোনো সন্ধ্যেবেলার ভুলে
ফিরবো আবার বুকপকেট ভরে।

ততদিন না হয় আড়ার আড়াল থাকি,
রাতের বেলায় সঙ্গী মাথার বালিশ;
আবার উটকো কোনো বসন্তের মাঝে
আলগা ফুঁ-এ উড়িয়ে দিতে পারিস।

কথা কাটাকাটি চলতে থাকুক নাহয়,
সেই ছুতোতে মনটা কিছু বলে;
যে বুক থেকে পালিয়ে যাবার ঘটা,
তার ভেতরেই আটকে পড়া চলে।

ঝগড়া চলবে নিয়ম মতো মেনে
একটা বেলা ভাত ছোঁবো না রাগে;
মন্দ কথায় একটু অসুখ হোক,
সারতে গেলে স্পর্শ পেতে লাগে।

তবুও থাকুক,অসুখ বাড়ুক কিছু
অভিমানের ছাদ বনেদিই হয়;
এই বিকালে ভুল করে যারা
রাত বাড়লেই অমনি পরাজয়।

বর্ষা নামে, সঙ্গে বরফকুচি,
শরীর মাতে শিরশিরানি ঘামে;
লুকোয় ভেবে চোখ বুজে নেয় গা
আর দুটো চোখ তাকায় অন্য থামে।

এক দৌড়ে পালিয়ে যাবো কোথায়?
তখন আদর,তখন ভীষণ ভয়;
রাতের বেলায় অসুখ সারলে পরে
পালিয়ে যাওয়ার শাস্তি পেতে হয়।।

Tuesday, 11 July 2017

বাইশ বছর...

ইশ…!! এই ভাবে হাতটা কাটলো কি করে?
কতোবার বলেছি একা একা থাকো একটা রান্নার মাসি রেখে দিতেই তো পারো কত আর খরচা হবে না রাখলেও একটু সাবধানে তো কাটাকাটি করবে ছুরির কাটা, সহজে যাওয়ার নাকি; বোরোলিন মাখিয়ে দেওয়ার হাতটাও এখন নেই নিজেও তো কিছু লাগিয়ে নিতে পারতে নাকি না থাক, বাদ দাও, এই দাগটা থাকুক হাতে আলাদা করতে পারবো এক গাদা হাতের মধ্যে

তোমার পুরোনো ফ্ল্যাটটায় ওই দক্ষিন খোলা বারান্দাটায় একটা গাছ ছিলো
কতো যে অযত্নে বড় হয়েছে তার কোনও হিসাবই নেই শুধু বর্ষার জল পেয়ে পেয়ে ওরম বেড়েছিলো বারান্দায় তো জল আসে না, নয়? বাথরুমে তো অতো জল পড়ে যায় সারারাত ধরে, একটু ধরে রেখে তো আদর করার মতো করে দিতে পারতে গাছটায়, আমার দিকে ওরম হাঁ করে চেয়ে না থেকে তাহলে বেঁচে যেত বেচারা না থাক, বাদ দাও, ওটা মরেই যাক; ফালতু স্মৃতির বোঝা বয়ে বেড়িয়ে লাভটাই বা কি…!!

একটা বিড়াল পুষেছিলে না তুমি? কেমন ন্যাওটা হয়ে ঘুরতো এঘর ওঘর।
যেদিন মরলো সেদিন তো কাকে দিয়ে একটা ফেলিয়েছিলে, নিজে ফেলতে অবধি যাওনি। সেদিন রাতেও তুমি কেমন নিষ্পাপের মতো ঘুমিয়েছিলে। কোনও দুঃখ ছিলো না তোমার মনে। নিজের মধ্যেও তো একটু যুদ্ধ করতে পারতে। ওহ, তুমি তো আবার গান্ধীজীর পিছনেই ছুটে ছুটে হাঁফিয়ে গেছো। তুমি যে যুদ্ধবাদী নও সেটা ভুলেই গেছিলাম।

পাঞ্জাবী বা শার্টের প্রথম বোতামটা আটকানোর স্বভাবটা এখনো বদলাতে পারলে না।
কক্ষনো বুক দেখেনি কেউ। শুধু আমি জানি ওই আবেগের নীল রাতগুলোয় তোমার ওই বুকের পশম কি করে এতোটা অনুভুতিহীন হতে পারে। ওর ওপর আমার অধিকারটা আমি কোনও ভাবে ছেড়ে দেবো না। অনেক কবিতা লিখেছিলাম তোমার জন্যে, একটাও পড়োনি কোনোদিন। পাড়লে পারতে...
না থাক, ভালোই করেছো।  এই বেশ ভালো আছি।

তোমায় একটা চিঠি লিখবো...এটা ভাবতে ভাবতেই প্রায় বাইশটা বছর কেটে গেলো... J 

Tuesday, 28 March 2017

কিন্তু সেদিন বৃষ্টি আসেনি


তোর মনে পড়ে
সেই যেদিন আমরা প্রথম একসাথে হেঁটেছিলাম,
একলা পড়ে থাকা ওই গাংপাড়টা ধরে;
ঘাটে নামার সিঁড়ির পাসে জমে থাকা ওই স্তূপাকার পচা ফুলগুলো
ড্যাবড্যাব করে সন্দেহের চোখে তাকিয়েছিল আমাদের দিকে,
আমাদের বসতে দেয়নি ওই ঘাটে;
আমি তখন একটু হেসেছিলাম,পাত্তা দিইনি ওই চোখরাঙ্গানিটাকে,
শুধু আলতো জোরে হাতটাকে কাছে টেনে নিয়েছিলাম যাতে ফস্কে না যায়;
তুই সেদিন বুঝেছিলি,
তবুও না বোঝার মুখোসে মুখটাকে কেন জানিনা ঢেকেছিলি,
একবারও খেয়াল করিসনি তোর ওই চোখদুটো আমি চিনি।
হয়তো বুঝে বা না বুঝেই আমরা খুঁজেছি উত্তাপ,
আমিও হাতটা ছাড়িনি আর তুই ও ছাড়াতে চাস্‌নি;
সেদিন আমরা বেরিয়েছিলাম একটু ভিজব বলে,
কিন্তু সেদিন বৃষ্টি আসেনি…
আসেনি সেই বিশ্বাস যা আমায় নগ্ন করবে তোর সামনে , বলাবে সত্যি কথা। 
সেদিন যখন হেঁটে গিয়ে ওই ঝালমুড়িওয়ালার কাছে দাঁড়ালাম
ঠোঙ্গার ওই ফাঁকটা দিয়েও আমি পড়েছিলাম তোর চোখ দুটো
ধরা পড়েগেছিলি সেদিন আমার কাছে;
আমিও কেমন বুঝেও সেদিন বলতে পারিনি তোকে,
হয়তো বৃষ্টির অপেক্ষায় কাটিয়েছিলাম প্রহর;
কিন্তু সেদিন বৃষ্টি আসেনি…
আজও যখন বাড়ি ফেরার পথে একা একা শহরের রাস্তায় ভিজি
তখন আমি ফিরে যাই ওই গাংপাড়ের কাছে
আর মনে হয় চিৎকার করে বলি আমি তোকেই ভালবাসি।
সেই পচা ফুলগুলো আর চোখ রাঙ্গানি দেয়না;
অপেক্ষার অন্ত নেই আমার;
এখনও মনে হয় আমি তো সেই তোকেই চেয়েছিলাম যে বলবে,
“ ধুর পাগলা, আমি আবার অন্য কারও নাকি? আমি তো তোরই,”,
সেই তোকেই চেয়েছিলাম
যে আমার মাথার পিছে আলতো চাঁটি মেরে একটা চুমু খাবে,
যে আমায় বলবে,” ছেড়ে যাস না প্লিস,আমি তোকেই ভালবাসি।“
আমি কিন্তু এখনও সেই তোকেই খুঁজি,
বৃষ্টি ভেজা শহরের অচেনা মোড়ে,পথে ;
আর বারে বারে শুধু ছুটে যাই সেই গাংপাড়ের ঘাটে,
হা হুতাশ করিনা আমি,শুধু একটাই আফসোস রয়ে যায়
“ইসস্‌ , যদি সেদিন বৃষ্টি আসতো...”

Wednesday, 15 March 2017

তবে আরও একবার স্পর্শ করে

স্বপ্নের ফেরিওয়ালা হতে চেয়ে আজ ও ঘুরে ঘুরে ফিরি ,
মিথ্যে কিছু আশ্বাস আর প্রতিশ্রুতির প্রলোভনে
স্বপ্ন চুরির উদ্দামতায়
যখন হারিয়েছি ফেলে আসা সব সংকল্প;
সময়ের কাছে বাড়িয়েছি ঋণ,
চিৎকার করে বাহুবলে ছিনিয়ে নিতে চেয়েছি
শতাব্দী প্রাচীন ওই ভালোবাসার স্তোত্র গুলোকে
হাত পা ছুঁড়ে স্থাপন করতে চেয়েছি নিজের ভালোবাসা,
আমি পারিনি,পারিনি আজ ভালবাসতে;
চেয়েছি আমি,কিন্তু উত্তর মেলেনি আজও।
তাই আজ খালি হাতে এসেছি তোর দ্বারে,
জমিয়ে রাখা সব ভালোবাসা গুলো কে উজাড় করে
নিঃশেষ হয়েছি আজ তোর কাছে,
ভালবেসেছি সব দিয়ে, আশ্বাসের আশ্বাস না দিয়ে;
আমি জানি তুই ফেরাবি না আমায়,
ভালবাসিস তুই, তোর ওই লুকিয়ে রাখা অসহায়তা দিয়ে,
আমি জানি তুই সাজাবি আমায়,
সাজাবি ওই তুলে রাখা আবির রঙের পাঞ্জাবিটা দিয়ে,
তুই তো বলিস ওটায় আমায় ভালো লাগে;
বল না সাজাবি না আমায়?
তোর ওই স্বপ্ন মাখা ঐক্যতানে আজ ও আমি খুঁজে চলেছি
আমার জীবনের বাস্তবতা,
বল না, দিবি আমায় তোর কাছে আসতে?
দিবি না আমায় তোকে ভালবাসতে?
তোর ওই সাতরঙা ভালোবাসায় আবার নাহয়
নতুন করে জন্ম নেব আমি;
তবে তো আমি আসতে পারি কাছে?
একবার এই চোখের দিকে চেয়ে দেখ্‌
হাজার হাজার স্বপ্ন আজ ও
তোর কথায়,তোর ইশারায় স্বপ্নের জাল বোনে,
তাদেরকে কি ভাসিয়ে দিতে পারবি  তুই
ওই অব্যক্ত চোখের জলে?
আমি নিশ্চিত তুই পারবি না;
তুই আমায় ভালবাসিস, তোর ইশারা গুলো আমায় আজ চেনে;
চেনে ওই স্পর্শ, চেনে এই উত্তাপ,
তবে আরও একবার স্পর্শ করে বিবশ কর না আমায়…

শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...